শিরোনাম

চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই, এটাই এ দেশের মানুষের আকাঙ্খা।
তিনি বলেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।
আজ শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সে কারণেই ১২ তারিখের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন- ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৭-১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি- গুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি- ১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে।
বাংলাদেশের কঠিন সময়ের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বারবার সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষ একটি দলের ওপর আস্থা রেখেছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।