বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে : ডাকসু ভিপি সাদিক কায়েম

আজ ডাকসু’র ভিপি সাদিক কায়েম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। তিনি বলেন, যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা-বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো।

আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। জুলুম নির্যাতনে এখানে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) এ দাঁড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। তিনি এসময় উপস্থিত জনতাকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান।