বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬

বিএমইউ-তে গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক একটি কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক একটি কর্মশালা আজ অনুষ্ঠিত হয়।

‘হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল’ শীর্ষক এ কর্মশালাটি বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের ৪র্থ তলার কনফারেন্স রুমে আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। 

এ সময় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম।

কর্মশালায় গবেষণা প্রোটোকল প্রণয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, উপযুক্ত স্ট্যাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ নিরূপণ, ডাটা কালেকশন পদ্ধতি ও গবেষণায় এথিক্যাল ইস্যুসমূহ বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। 

অংশ গ্রহণকারীদের গবেষণামুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তব উদাহরণ ও প্রাসঙ্গিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন বারডেম এর অধ্যাপক জিএইচপিডি বিভাগীয় প্রধান ডা. মো. গোলাম আজম এবং বিএমইউ’র হেপাটোলজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা। 

কর্মশালাটি সঞ্চালনা করেন বিএমইউ’র হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।