বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২২

পিআইবিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এ দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে বক্তারা বলেন, একজন রিপোর্টারের নির্ভুল, ন্যায়সঙ্গত ও সাহসিকতার সঙ্গে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে হবে। তেমনি একজন সাব এডিটরের প্রতিবেদন সম্পাদনার ক্ষেত্রে কোনো পক্ষ নেওয়া যাবে না। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গণমাধ্যমকর্মীরা। 

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন ঢাকা সাব এডিটর কাউন্সিলের ৫০ সদস্য। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক সুলতান মাহমুদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি প্রমুখ।