শিরোনাম

নাটোর, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ’ এবং ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শ্লোগান খচিত জামায়াতে ইসলামীর চলমান প্রচারণা প্লাটফর্ম মাল্টিমিডিয়া বাস নাটোর অতিক্রম করে পাবনার পথে রওনা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী থেকে নাটোর প্রেসক্লাব প্রাঙ্গনে আসার পর বাসের আরোহী হয়ে স্বাধীনতা চত্বর পর্যন্ত গমন করেন নাটোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।
শহরের স্বাধীনতা চত্বরে মাল্টিমিডিয়া বাস থেকে এক স্বতঃস্ফূর্ত সমাবেশে অধ্যাপক ইউনুস আলী বলেন, দেশের স্বাধীনতা এবং ২৪ এর গণ-অভ্যূত্থানের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকল ভোটারের প্রথম ভোট হোক গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ এর পক্ষে। আর দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের ভোট হোক দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি।
মাল্টিমিডিয়া বাসের ইনচার্জ মিরাজুল ইসলাম জানান, মূলত গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরী এবং পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মাল্টিমিডিয়া বাসটি পর্যায়ক্রমে সারাদেশ ভ্রমণ করছে।