শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা প্রধান অফিসে নির্বাচনী থিম সং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে, কারণ এই বিজয় দেশ ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি শক্তি দেশকে পিছিয়ে নিতে চাচ্ছে, আর বিএনপি সবসময় সামনের দিকে চিন্তা করে। জনগণের কল্যাণে, জনগণের জন্য এবং দেশের জন্য কী করা যায় এটাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি সংকট বিএনপি জনগণের পাশে ছিল এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, যখন দেশ ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত ছিল এবং মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তখন তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আরেক সংকটকালে বেগম খালেদা জিয়াও দেশকে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছিলেন।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আজও দেশের সংকট কাটেনি। দেশ এখনো গণতন্ত্রে ফেরেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি এবং সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্কও প্রতিষ্ঠিত হয়নি। এসব সমস্যা সমাধানে একটি নির্বাচিত সরকার দরকার, আর সেই সরকার অবশ্যই বিএনপির সরকার হতে হবে।
নির্বাচনে অংশ নেওয়া আরেকটি দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যাবে এবং বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের মতো হতে পারে। কষ্ট করে ও যুদ্ধ করে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে এবং প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেছে।
আবদুস সালাম বলেন, যেভাবে একসময় জিয়াউর রহমান এবং পরে বেগম খালেদা জিয়া দেশকে সংকট থেকে উদ্ধার করেছিলেন, সেভাবেই তাঁদের সুযোগ্য সন্তান তারেক রহমান ভবিষ্যতে জাতিকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এ কারণেই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটাররা ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করলে এতদিনের পরিশ্রম সফল হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, সংগীতশিল্পী বেবী নাজনীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।