বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৩

নেতার পাশাপাশি কর্মীদের দেখে ভোট দেওয়ার আহ্বান সারজিস আলমের

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলগ্ন এলাকায় কথা বলেন সারজিস আলম। ছবি: বাসস

পঞ্চগড়, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, নির্বাচনের পর মানুষের ওপর আবার হুমকি-ধমকি হবে, নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে, এ নির্বাচনে এবার এটা নির্ধারণ হবে।  

তিনি আরও বলেন, আপনার সেখানে ভোট দেবেন, যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। এটার জন্য সবাইকে ভালো জায়গাটাতে ভোট দিতে হবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলগ্ন এলাকায় এ কথা বলেন সারজিস আলম। 

সারজিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, যে জায়গাটাতে ভোট দিলে মানুষের ওপর জুলুম হবে না, অত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে আমি একবারও বলবো না যে, আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো, বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, আপনারা শুধু চিন্তা করেন, গত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁদাবাজি, সিন্ডিকেট, হুমকি দেওয়াসহ বিভিন্ন কাজ করেছে। 

তিনি বলেন, এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেরও ভোট দিতে হবে না। আর যদি অন্য কোনো দলের নেতাকর্মীরা করে, তাহলে তাদেরকে বয়কট করতে হবে।

সারজিস আরও বলেন, এমপি, মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। আর এই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ থাকবে তারা যদি ভালো না হয়, তাহলে এই জেলার মানুষ কি ভালো থাকবে? খুব পরিষ্কার কথা, আপনারা ওইখানে ভোট দেবেন যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।