শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রামে বিশেষ ধরনের যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এর ২৭ জানুয়ারির ১০০ নং পত্র (অংশ-২) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সড়ক বিভাগের ১ ফেব্রুয়ারির নির্দেশনার আলোকে চট্টগ্রামের নির্বাচনি এলাকায় ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নিম্নলিখিত চার ধরনের যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এগুলো হলো- ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক।
এছাড়া, মোটর সাইকেলের চলাচলেও ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার ব্যতিক্রম হিসেবে অনুমোদিত হয়েছে : জরুরি সেবা কাজে ব্যবহৃত যানবাহন, চিকিৎসা ও ওষুধ পরিবহনকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন। বিমানবন্দর যাত্রা বা আত্মীয়-স্বজনকে নিতে/ছাড়ার জন্য প্রমাণসহ ব্যবহৃত যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীর যানবাহন, নির্বাচনি এজেন্টদের অনুমোদিত যানবাহন, সাংবাদিক ও পর্যবেক্ষকগণ এবং জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে চলাচল শিথিল থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।