বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৮

গাড়িচালকদের প্রশিক্ষণের লক্ষ্যে সড়ক নিরাপত্তা প্রকল্প ও বিআরটিসি’র চুক্তি স্বাক্ষরিত 

ঢাকা, ৫ ফ্রেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। 

বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাব্বীর হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা চুক্তিটি স্বাক্ষর করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।  

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের তিনটি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের (বাংলাদেশ পুলিশ, ডিজিএইচএস এবং বিআরটিএ) কর্মকর্তাগণ এবং বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা তথা দেশের উন্নয়ন-অগ্রগতিকে আরও বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়।
 
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো : সড়ক দুর্ঘটনাজনিত হতাহত ও গুরুতর আঘাতের সংখ্যা হ্রাসকরণ এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা গড়ে তোলা। এ লক্ষ্যসমূহ অর্জনের জন্য প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সড়ক নিরাপত্তা সংক্রান্ত পাইলটভিত্তিক বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নিরাপত্তাসংক্রান্ত নিরাপদ পদ্ধতির পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম প্রধান একটি স্তম্ভ হলো- দক্ষ চালক কর্তৃক যানবাহন চালনা।
 
এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার নতুন দক্ষ চালক তৈরির জন্য চার মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এছাড়া পেশাদার ২০ হাজার চালককে সড়ক নিরাপত্তা, পথচারীদের অধিকার ইত্যাদি বিষয়ে এবং যানবাহন চালনায় উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পের এ সংক্রান্ত প্যাকেজটি অনুমোদিত হয়েছে। এ প্যাকেজের আওতায় প্রশিক্ষণ প্রদান করবে সরকারি সংস্থা ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’। প্রশিক্ষণ কার্যক্রমটি সারা দেশে বিদ্যমান বিআরটিসি’র ২৭টি ট্রেনিং ইন্সটিটিউট/সেন্টারে অনুষ্ঠিত হবে।