বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ 

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি অধিদপ্তরের উপপরিচালক (পার-২) ডা. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সময়ের আগেই অফিস ত্যাগ করার প্রবণতা উদ্বেগজনকহারে বেড়েছে। এ ধরনের অনিয়ম সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর পরিপন্থী। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রবণতার ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে উঠে এসেছে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে নিয়মিত মনিটরিং ও পরিদর্শন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং উপস্থিতি সংক্রান্ত প্রতিবেদন নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।