বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২

নৌ পুলিশের সাত দিনের অভিযানে অবৈধ জাল-মাছ জব্দ, আটক ২৬৫

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের পরিচালিত সাত দিনব্যাপী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৬৫ জনকে আটক করা হয়েছে।

আজ নৌ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিনে দেশব্যাপী নৌ পুলিশের পরিচালিত অভিযানে ৪ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৩৮০ মিটার অবৈধ জাল, ৯ হাজার ৩৪৭ কেজি মাছ এবং ৫০ হাজার পিস মাছের পোনা জব্দ করা হয়েছে। একই সঙ্গে নদী ও জলাশয় থেকে প্রায় ৩০০টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়, যা মাছের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

অভিযানকালে, বৈধ কাগজপত্র না থাকায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ২টি ড্রেজার জব্দ করা হয়।

নৌ পুলিশের অভিযানে মোট ৮২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০টি মৎস্য আইন, ২৩টি বেপরোয়া গতি আইন, ২টি অপমৃত্যু মামলা, ২টি বালুমহাল আইন, ২টি মাদক আইন, ১টি চাঁদাবাজি আইন, ১টি চুরি মামলা এবং ১টি নৌ দুর্ঘটনা সংক্রান্ত মামলা। এসব মামলায় মোট ২৬৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌ পুলিশ জানায়, জব্দকৃত অবৈধ জাল আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা পুনরায় জলাশয়ে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ এতিমখানাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

নৌপথে শৃঙ্খলা বজায় রাখা ও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নৌ পুলিশ সদর দপ্তর জানিয়েছে।