শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিমানবন্দরে লাগেজ কাটার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড বলে সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, বিমানবন্দরে আবারও লাগেজ কাটিং-ক্যাপশনে ফেসবুকে একটি ভিডিও শেয়ার হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মেঝেতে লুটিয়ে লাগেজ, জামা-কাপড় আঁকড়ে ধরে আহাজারি করছেন।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি বাস্তব নয়, এআই জেনারেটেড।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৪ সাল গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।