বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন : নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় স্বল্পচাপ থাকবে

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘন্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে তীব্র স্বল্পচাপ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহক স্বল্পচাপের কারণে ভোগান্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।