শিরোনাম

নওগাঁ, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার নওগাঁ আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল ১১টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন।
তিনি বলেন, তাঁর আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করেছি। সব প্রস্ততি শেষ। শুধু নওগাঁ নয়, সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়।
দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আশা করি নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে।
সায়েম বলেন, মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামাত তুলে ধরবেন। যেহেতু ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে সেই হিসেবে আমরা মনে করছি ৫ লাখ মানুষের সমাগম ঘটবে। আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।