বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩

ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী গণসংযোগ

১২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাইফুল হক আজ বিকাল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ের  নাবিস্কো থেকে নির্বাচনী গণসংযোগ করেন।ছবি: বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং ঢাকা ১২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাইফুল হক আজ বিকাল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ের  নাবিস্কো থেকে নির্বাচনী গণসংযোগ করেছেন।

গণসংযোগ শুরু করার আগে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এতে সাইফুল হক বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথের দীর্ঘ সংগ্রাম থেকে তিনি এবার নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। 

এই সংগ্রামেও তিনি বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আসনে এবার মানুষ নাগরিক সেবা নিশ্চিত এবং সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম ও মাদকের বিরুদ্ধে কোদাল মার্কাকে বিজয়ী করবেন।

সমাবেশের পর নাবিস্কো মোড় থেকে লিচুবাগান, নাখালপাড়া রেলগেট, ১২নং গলি, প্রাইমারি স্কুল হয়ে  আরজতপাড়া নামিরা হোটেল পর্যন্ত প্রচার মিছিল ও  গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে  সাইফুল হক জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান। তিনি  বলেন, ভোট আপনার আমানত, অধিকার। ঢাকা ১২ আসনে কোদাল  প্রতীকেকে বিজয়ী করে ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই, লুটপাট নয়, জনগণের অধিকার চাই। তিনি বলেন, কোদাল মার্কা মানে মেহনতি মানুষের প্রতীক, কোদাল মার্কা মানে সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। 

তিনি বলেন, আসুন, একসাথে রুখে দাঁড়াই। চলুন, কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার এবং ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু।