বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৩

গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : হাবিবুর রশিদ হাবিব

ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক। তিনি দেশের এই ক্রান্তিলগ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এই নির্বাচন আমাদের অনেক সহযোদ্ধার দীর্ঘ লড়াই ও মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিসহ অসংখ্য ছাত্র-জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। ‘

তিনি বলেন, ‘শহীদদের সেই ত্যাগের প্রতি সম্মান জানাতে আগামী ১২ ফেব্রুয়ারি প্রত্যেক ভোটারকে নিজের পরিবার, আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে।’

এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা-৯ আসনে গ্যাস ও পানির সংকট এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের অভাব ও একমাত্র হাসপাতালটির আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া এসব নাগরিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।’

নির্বাচনী প্রচারণায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে হাবিব বলেন, ‘বিএনপি কখনোই মাদক কারবারী, চাঁদাবাজ বা সমাজবিরোধী অপরাধীদের আশ্রয় দেবে না।’

তিনি দলের নেতাকর্মীদের সততা ও শৃঙ্খলার সাথে এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিএনপি জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। আমরা মানুষের ক্ষতি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করি না।’

হাবিবুর রশিদ হাবিব আশা প্রকাশ করে বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ এবং উন্নয়নমুখী ঢাকার স্বপ্ন বাস্তবায়িত হবে।’

সভায় হক আবাসিক সোসাইটির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।