শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে তাঁর রচনার ইংরেজি অনুবাদগ্রন্থ ‘কুইন্টেসেন্স অব নজরুল’ (নজরুল নির্যাস) আজ মঙ্গলবার উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।
মোস্তফা সরয়ার ফারুকী অনুবাদ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নজরুলের রচনা ইংরেজিতে অনুবাদ করা একটি চমৎকার উদ্যোগ, যা তাঁকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাবে। এখন সবচেয়ে জরুরি হলো এটি প্রচার করা। আমরা প্রায়ই দেখি একটি বই প্রকাশিত হয় কিন্তু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকে। আমাদের ভাবতে হবে কীভাবে এটি বিদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।’
গ্রন্থটিকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করতে ইনস্টিটিউটকে পরামর্শ দেন তিনি। যাতে বিশ্বব্যাপী মানুষ কবির রচনার সঙ্গে পরিচিত হতে পারে।
এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দায়িত্ব ছেড়ে যাওয়ার পর যে সরকারই নির্বাচিত হোক না কেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে সাংস্কৃতিক যাত্রা শুরু হয়েছে-যা পুরোপুরি বাংলাদেশকেন্দ্রিক ও আত্মমর্যাদায় প্রোথিত, তা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি আশাবাদী-তারা এটি সমুন্নত রাখবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান নজরুল গবেষক ও নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনার গভীরতা ও তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘যখন আমি নজরুলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করি, শ্রোতারা তাঁর রচনায় মুগ্ধ হন এবং এর অনন্য বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেন। নজরুল ও বাংলা সাহিত্যকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইনস্টিটিউটের এই উদ্যোগ একটি বড় সাফল্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কবির নাতনি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান, ড. নাশিদ কামাল, ফেরদৌস আরা এবং সালাউদ্দিন আহমেদ। ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া ইংরেজি একক আবৃত্তি পরিবেশন করেন নাসিম আহমেদ ও শিমা ইসলাম।