বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২২:১৪

নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে আনা হয়েছে দুটি রিলিফ ট্রেন

ছবি: সংগৃহীত

নওগাঁ, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) :  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে দুইটি রিলিফ ট্রেন আনা হয়েছে। 

আজ বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে এই দুটি রিলিফ ট্রেন আনা হয়। বর্তমানে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ চলমান আছে। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী ও পাকশী থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়েছে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। যতদ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ 

এর আগে এদিন দুপুর ২টায় সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক ট্রেন যাত্রী আহত হন। 

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছে। ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২ টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে পৌঁছলে ৯টি বগি লাইনচ্যুত হয়।