বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২২:৩৪

ঈদুল ফিতর উপলক্ষে রংপুর বিভাগে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি: সংগৃহীত

রংপুর, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রংপুর বিভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি প্রতিরোধে রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড়ে একটি বিশেষ সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এ সেন্টারে র‌্যাব-১৩ এর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

র‌্যাব-১৩ এর আওতাধীন এলাকাগুলোতে ইতোমধ্যে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত প্যাট্রোলিংয়ের পাশাপাশি সাদা পোশাকে একাধিক টিম মোতায়েন রয়েছে। এছাড়া শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব-১৩ এর পদাতিক টহলও চলছে।

অনাকাঙ্ক্ষিত চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতেও কাজ করছে র‌্যাব।

এছাড়া, ঈদকে কেন্দ্র করে জাল নোটের বিস্তার রোধে বিভিন্ন শপিংমল ও বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মজুতদারি ও পণ্যের মান নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। এজন্য র‌্যাব-১৩ এর একটি বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে এই এলিট ফোর্স সংশ্লিষ্ট সকলকে বাসের ছাদে বা ট্রাক ও পিকআপ ইত্যাদি পণ্যবাহী অন্যান্য যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে। ট্রেন যাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, সিঁড়ি এবং ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

ভ্রমণকারীদের যেকোনো ধরনের যানবাহনে ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, বিশেষ করে ঈদ-কেন্দ্রিক ছুটির সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শক্তিশালী টহল দল এবং সাদা পোশাকের র‌্যাব সদস্যরা ত্রুটিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজে নিয়োজিত থাকবে।

এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনে র‌্যাব-১৩ এর কন্ট্রোল রুম নম্বর ০১৭৭৭৭১১৩৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।