বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার ও শিল্প মন্ত্রণালয় সাবেক সচিব মো. আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ/বাজেট/সমন্বয়/সুশাসন)  মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, ‘পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন ও মিটার যোগাযোগের ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট  ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।