শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
আজ সোমবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও মো. আলতাফ হোসাইন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,‘ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। কিন্তু যারা পুরনো রাজনীতির ধারায় বিশ্বাসী, তারা সেই পুরনো ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুনদের রাজনৈতিক বিকাশ ঠেকানোর চেষ্টা করছে।’
নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব রয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।’
এবি পার্টির এই নেতা বলেন, ‘মামলা বাণিজ্য চলছে। নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেওয়া হচ্ছে। এ অবস্থায় জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচা চলছে এবং ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে, যা একটি ভয়াবহ অশনিসংকেত।’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, অল্প সময়ের ব্যবধানে সেগুলো অস্বীকার করে কেউ কেউ জুলাই সনদ মানবে না বলে বক্তব্য দিচ্ছে, যা দুঃখজনক। প্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় নির্দেশনার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।’
তিনি অভিযোগ করেন, স্ট্রাইকিং ফোর্সের কার্যক্রম দৃশ্যমান নয়, নির্বাচনী সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি।
জামায়াতে ইসলামীর আমিরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে তিনি ‘লজ্জাজনক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দয়া করে অস্ত্রবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার করতে কার্যকর পদক্ষেপ নিন।’
তিনি বলেন, ‘আমরা আসন্ন নির্বাচনকে আনন্দময় ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চাই।’ প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সাবেক সিইসি, আইজিপি ও সচিবদের কারাবরণের ঘটনা মনে রাখতে হবে—জুলাই শেষ বিপ্লব নয়, তরুণ প্রজন্ম এখনো জাগ্রত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবু হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ প্রমুখ।