বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহীতে আতশবাজি নিষিদ্ধ

রাজশাহী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মহানগরীতে অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শবে বরাত) পালিত হবে।
পবিত্র এ রাতটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পবিত্র লাইলাতুল বরাত উদযাপন এবং এর পবিত্রতা রক্ষার স্বার্থে রাজশাহী মহানগর এলাকায় আগামী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১) এর (ক) এবং ২৯(১) এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়অ হয়। 
আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।