বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১

ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে ১ কোটি টাকার সঞ্চয়পত্র বিতরণ ‎

ছবি : বাসস

ঝালকাঠি, ২ ফেব্রুয়ারি ২০২৬(বাসস): ‎জুলাই গণ-অভ্যুত্থানে জেলার পাঁচ শহীদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদান হিসেবে ১ কোটি টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দেওয়া শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তাদের এই সহায়তা প্রদান করা হয়।

ঝালকঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন । 
‎‎
অনুদানপ্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন, শহীদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম, শহীদ নাইমের মা মাহমুদা পারভিন, শহীদ মিজানুর রহমানের মা কাজলী বেগম, শহীদ মো. রুবেল হোসেনের বাবা মো. মালেক তাং এবং শহীদ হৃদয়ের বাবা শহীদ হাওলাদার। তাদের প্রত্যেককে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়। এর আগে প্রথম ধাপে ঝালকাঠি জেলার ১০ শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে গতকাল রোববার ৫ পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং তারা যেন কোনোভাবে অবহেলিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
‎‎
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিহত হন। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বৈরশাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের মুখে তারা প্রাণ হারান। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।