বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১

পণ্যের কৃত্রিম সংকট রোধে ২৭টি জাহাজে যৌথ অভিযান

ছবি : বাসস

ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

আজ সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করেছে— এমন তথ্য জানতে পেরে কোস্ট বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে চট্টগ্রাম কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

সিয়াম-উল-হক আরও বলেন, এর পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা ও আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

তিনি আরো বলেন, জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।