শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সচিবালয় এলাকায় আগামীকাল নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ তার চতুর্দিকের ১০০ (একশত) মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বুঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০,০০০/- অথবা ০৩ মাসের কারাদণ্ড)।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) উল্লিখিত বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে।
এদিকে কাল বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি’র ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে অনুষ্ঠেয় সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট পরিচালনাঃ অর্থদণ্ড/কারাদণ্ড) ও জনসচেতনতামূলক সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন।
সকল সরকারি/বেসরকারি গাড়ীচালকগণকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।