বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬

ফাওজুল কবির খান রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন আগামীকাল সন্ধ্যা ৬ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে তিনি তথ্য সমৃদ্ধ ও গবেষণাধর্মী বইটির প্রেক্ষাপট উপস্থাপন করবেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান  ড. মোহাম্মদ আবদুল মোমেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মুহাম্মদ শফিকুল আলম। 
‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থের বিষয়বস্তু, বাংলাদেশের সমাজ-রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট, পরিবর্তনশীল বাস্তবতা এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে আয়োজিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগ্রহী পাঠক ও শুভানুধায়ী, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমকর্মীগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।