শিরোনাম

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস): পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে আজ শনিবার এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন এলাকায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পগুলোতে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ‘পরিবহন শ্রমিকরা স্বল্প আয়, অতিরিক্ত কর্মঘণ্টা এবং সময়ের অভাবে অনেক ক্ষেত্রেই যথাসময়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। এই বাস্তবতা বিবেচনায় তাদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই ডিএমপি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি আরও বলেন, ‘পরিবহন চালক ও হেল্পারদের সু-স্বাস্থ্য নিশ্চিত করা গেলে যাত্রী ও মালামাল পরিবহনও অধিক নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে। বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে এটি আরও বৃহৎ ও টেকসই পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, পাক্ষিক হেলথ ক্যাম্প কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।