শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সিলিন্ডার ব্যবসাকে সুবিধা দিতে বিগত সময়ে সাধারণ মানুষের ঘরের গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে এই সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে গ্যাসের নিশ্চয়তা দেওয়া হবে।
আজ রোববার মিরপুর ১১ নম্বর, সবুজ বাংলা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সকালে মিরপুর ১১ নম্বর থেকে প্রচারণা শুরু করলে স্থানীয় বাসিন্দারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আমিনুল হক ভোটারদের হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট তুলে দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক গ্যাস সমস্যাকে এই এলাকার প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেন।
তিনি বলেন, সারা দেশেই এখন গ্যাসের সমস্যা প্রকট। একটি সিন্ডিকেট গ্রুপ তাদের সিলিন্ডার ব্যবসাকে লাভবান করতে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষের সংযোগ বন্ধ রেখেছে। আমাদের পরিকল্পনা আছে, সরকার গঠন করতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করব।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমিনুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। মিরপুর-পল্লবী এলাকাকে চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত করতে আমরা ইতোমধ্যে অনেকখানি সফল হয়েছি। নির্বাচিত হলে এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী মাঠে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি— যেন তারা কোনো উসকানিতে পা না দেন। আমরা শতভাগ ধৈর্যশীল। তবে, কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তবে তা শক্ত হাতে দমন করা হবে।
তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা ১২ ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমরা ব্যালটের মাধ্যমে জনগণের রায়ের অপেক্ষায় আছি।
প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে আমিনুল হক বলেন, শুনতে পাচ্ছি তালতলার বস্তিসহ বিভিন্ন স্থানে এনআইডি কার্ডের ছবি এবং বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে।
ভোটের সাথে এনআইডি কার্ড বা ছবির কোনো সম্পর্ক নেই। এটি একটি গভীর ষড়যন্ত্র বা দুরভিসন্ধি। আমরা বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছি এবং নির্বাচন কমিশনকে ইতোমধ্যে অবহিত করেছি।
আগামী দিনেও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার রক্ষার লড়াইয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।