শিরোনাম

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ শনিবার দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে হাইকমিশন প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় হাইকমিশন চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাইকমিশনার শাহ্ আহমেদ শফী।
এরপর প্রিটোরিয়ায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। পরে একুশের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের মহান আত্মত্যাগের ইতিহাস ও বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন।
হাইকমিশনার শাহ্ আহমেদ শফী সভাপতির বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন করার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বাংলাদেশের নবগঠিত সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে প্রবাসী শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।