শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মাওয়া ঘাটে নৌভ্রমণে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী আবু নাঈমকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অব্যাহতভাবে ২৪ জন ডুবুরির সহায়তায় ঘটনাস্থলে উদ্ধারকার্য চলমান রয়েছে।
তবে, দুঃখজনকভাবে অদ্যাবধি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে উদ্ধারকাজ চলমান রয়েছে।
আইএসপিআর জানায়, শনিবার এমআইএসটির নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ এ অধ্যয়নরত ১৮ জন অসামরিক শিক্ষার্থীর একটি দল মাওয়া ঘাট এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে যায়।
মাওয়া ঘাটে পৌঁছানোর পর শিক্ষার্থীরা আনুমানিক বিকেল ৩টায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হয়। তাদের নৌকাটি যখন একটি চরের কাছাকাছি (৪ নম্বর পিলারের কাছে) পৌঁছায়, তখন চর থেকে আনুমানিক ৫০ মিটার দূরত্বে তিনজন শিক্ষার্থী সাঁতার কেটে চরে যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়ে। তবে, সাঁতার কাটতে শুরু করার কিছুক্ষণ পরই তিনজন শিক্ষার্থীই সাঁতার কাটতে অসুবিধার সম্মুখীন হয় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন বোটে থাকা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সাঁতার জানা দু’জন পানিতে নেমে দু’জনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে, তৃতীয় শিক্ষার্থী আবু নাঈমকে উদ্ধার করতে পারার আগেই সে ডুবে যায়।
ঘটনার বিষয়ে অবগত হওয়া মাত্রই কমান্ড্যান্ট এমআইএসটি কর্তৃক বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনা এবং নৌবাহিনী প্রধান, ডিজি বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা সংস্থাকে অবগত করা হয়।
এছাড়াও তাৎক্ষণিকভাবে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটরকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ১৫ আরই ব্যাটালিয়নের একটি স্পিড বোট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে স্থানীয়ভাবে মোতায়েনকৃত ৯ পদাতিক ডিভিশনের ১৯ বীর ইউনিট উদ্ধারকাজে যোগদান করে এবং সহযোগিতা প্রদান করে। অপরদিকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের ৭ সদস্য বিশিষ্ট দল (৫ জন ডুবুরি), ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর ২০ সদস্য বিশিষ্ট দল (৫ জন ডুবুরি) এবং নৌ পুলিশের ৫ সদস্য বিশিষ্ট দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে ঢাকা থেকে নৌবাহিনীর অপর একটি ৮ সদস্য বিশিষ্ট ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে।
আজ সকাল ৮টায় উদ্ধারকাজ আবার শুরু হয়েছে। কমান্ড্যান্ট, এমআইএসটি আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিখোঁজ শিক্ষার্থীর পিতা ও উপস্থিত ছাত্রদের সহকারে উদ্ধারকার্য তদারকি করছেন।
এছাড়াও স্থানীয় আরো ৪ জন ডুবুরিকে উদ্ধারকাজে সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে বেসামরিক প্রশাসন (ডিসি ও ইউএনও)-কে এ বিষয়ে অবগত করা হয় এবং তারা নৌ-পুলিশকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।