শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আমেরিকান নাগরিক এম. সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, ইডিসিএলের বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে এই আবেদন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, হরমোনাল ওষুধের কাঁচামাল ‘ডেসোগেস্টরেল ইউএসপি’ ক্রয়ের নামে সাজানো টেন্ডার, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি, স্বজনপ্রীতি ও কমিশন জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে।
এছাড়া মার্ক অ্যালারাইজ ইন্টারন্যাশনাল ও রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগের অনুসন্ধানে সহকারী পরিচালক নুরুল ইসলামকে দলনেতা করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। টিমের অপর সদস্য হলেন- উপসহকারী পরিচালক এ. এম. তাহের।
দুদকের একটি সূত্র জানায়, আগামীকাল সোমবার এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।