শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে থাকা তাদের হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া বা বিদেশে পাচারের চেষ্টা করছেন। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন এবং জমা করেছেন।
আবেদনে আরও বলা হয়, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলোর লেনদেন স্থগিত বা অবরুদ্ধ করা জরুরি।