বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭

ফেনীতে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে ফেনীতে দ্ইু দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু ।  ছবি: বাসস

ফেনী, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে ফেনীতে দ্ইু দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার রাতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।  

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার আয়োজনে ও ফেনী জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নির্বাহী সদস্য অরণ্য পাশা।

আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউল হক অশ্রু ও কামরুল হাসান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন প্রমুখ।

জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী ও রশীদ মজুমদার, দপ্তর সম্পাদক আরিফ হোসেন সুমন, সদর উপজেলা সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি নোমানুল হক নোমান প্রমুখ।

জয়নাল আবেদীন ভিপি বলেন, আমরা যাঁর সম্পর্কে আলোচনা করছি, তিনি শতাব্দীর এক ক্ষণজন্মা মহীয়সী নারী। তাঁর সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তাঁর কর্ম, নেতৃত্বের গুণাবলি ও আপসহীন দৃঢ়চেতা মনোবল জাতিকে বারবার মুক্তির পথ দেখিয়েছে।

অরণ্য পাশা জানান, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এর মধ্যে ঢাকা, দিনাজপুর, বরিশাল, রংপুর ও খুলনায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সিলেট ও বগুড়া পর্ব শেষে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, ফেনী ও কক্সবাজারে প্রদর্শনীর সমাপ্তি ঘটবে। 

এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও রাজনৈতিক অবদান তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। প্রদর্শনীতে সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির মঞ্চে প্রবেশ করে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী জীবন ও রাজনৈতিক পথচলার নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। 

এছাড়া তাঁর পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের শতাধিক দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনের পাশাপাশি জীবন ও রাজনৈতিক সংগ্রাম ভিত্তিক বিশেষ ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।