বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহর আইনজীবীরা।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সাইফুল্লাহ মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দীন দোলন, মোহাম্মদ হোসেন লিপু, জহিরুল ইসলাম মুসা ও মোস্তফা আজগর শরিফি।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সে আবেদন মঞ্জুর করে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। গত ২১ জানুয়ারি সে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মঞ্জুরুল আহসান মুন্সী।