শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনার জন্য ব্যালট বক্স গণনাস্থলে নিয়ে গেছে নির্বাচন কমিশন। প্রায় ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় শেষ হলেও ভোটারদের উপস্থিতির জন্য পরবর্তীতে কিছুটা সময় বাড়ানো হয়। বিকেল প্রায় ৪টার দিকে শেষ হয় ভোটগ্রহণ। এরপরই ব্যালট বক্স ভোট গণনা কেন্দ্রের দিকে নিয়ে যায় নির্বাচন কমিশন।
দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব কেন্দ্রের তথ্য হাতে এলে বিস্তারিত জানানো যাবে। তবে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিয়েছে। তবে, ক্যাম্পাসের ভেতরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।’