বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

কাল থেকে শুরু সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে ‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি।

আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া এ মাসব্যাপী কর্মসূচি বাংলাদেশে ২০১৬ সাল থেকে বাস্তবায়ন করে আসছে বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ)। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্সের সঙ্গে অফিসিয়ালি যুক্ত হয়ে এ আয়োজন পরিচালিত হবে।

এবারের উদ্যোগে সহযোগিতা করছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্ক, স্মার্ট ডাটা টেকনোলজিস এবং ফাইবার এট হোম। পাশাপাশি নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধে কাজ করা ১৪টি সংগঠন নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি)’ এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, যথারীতি মাসব্যাপী কর্মসূচিকে চারটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম সপ্তাহে পাসওয়ার্ড ব্যবস্থাপনা, দ্বিতীয় সপ্তাহে মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার, তৃতীয় সপ্তাহে নিয়মিত সফ্টওয়্যার আপডেট রাখা এবং চতুর্থ সপ্তাহে সন্দেহজনক লিংকে ক্লিক না করার বিষয় নিয়ে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলবে।

আয়োজকদের মতে, এই মৌলিক নিয়মগুলো অমান্য করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে। তাই প্রতিটি বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য সারা দেশে প্রচারণা চালানো হবে।

সিসিএএফ ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব আহ্বান করেছে। একইসঙ্গে মানবাধিকার সংগঠন, আইনজীবী, প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এসএমএস ও ই-মেইল ক্যাম্পেইন এবং গণমাধ্যমে প্রবন্ধ প্রচারের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সারা দেশ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের জন্য বাংলায় দিকনির্দেশনামূলক টুলকিট সরবরাহ করবে সিসিএএফ এবং ccabd.org ওয়েবসাইটে মাসব্যাপী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

এছাড়া সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংগঠন ও সমিতিগুলোকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধে গঠিত সিএসডব্লিউসি প্ল্যাটফর্মের নেতৃত্বে আহ্বায়ক হিসেবে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), যুগ্ম আহ্বায়ক হিসেবে সিসিএএফ এবং সদস্য সচিব হিসেবে রয়েছে নারীপক্ষ। প্ল্যাটফর্মটির আরও ১১টি সদস্য সংগঠনের মধ্যে আছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অরোধ্য ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিন, আই.আই.ডি, দ্য টেক অ্যাকাডেমি, ব্র্যাক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ), বাংলাদেশ মহিলা পরিষদ, সাইবার টিনস, ডিজিটালি রাইট লিমিটেড ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আয়োজকরা সবাইকে আহ্বান জানিয়েছেন- ‘সাইবার সুরক্ষায় সচেতনতা গড়ি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি।’