বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৭:০১

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের বাস্তবমুখী পদক্ষেপ : বাণিজ্যমন্ত্রী

আজ সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ধারাবাহিকভাবে নীতিমালা মূল্যায়ন ও পর্যালোচনা করছে এবং একই সঙ্গে স্বল্প ও মধ্যমেয়াদে এর প্রভাব কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

আজ সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, নিয়মিত মূল্যায়নের পাশাপাশি সরকার বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে, যাতে বাহ্যিক ধাক্কা অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে না পারে।

বাণিজ্যমন্ত্রী জানান, সরবরাহ ব্যয় কমানোকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী লজিস্টিকস খরচ জিডিপির প্রায় ১০ শতাংশ, অথচ আমাদের দেশে তা প্রায় ১৬ শতাংশ, যা উল্লেখযোগ্যভাবে বেশি।’

মন্ত্রী আরও বলেন, এসব খরচ কমাতে বন্দর কার্যকারিতা বৃদ্ধি ও সরবরাহ ব্যয় সংশ্লিষ্ট খাত উন্নয়নে কাজ করছে সরকার। শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রপ্তানি বহুমুখীকরণ প্রসঙ্গে তিনি বলেন, সংঘাতপ্রবণ অঞ্চলগুলোর বাইরে নতুন বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব দেশে শুল্ক ও কর বেশি রয়েছে, সেগুলোও চিহ্নিত করা হচ্ছে।

বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৩ দশমিক ৮৪ শতাংশ তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, এ পণ্যের ওপর শুল্ক কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালানো হচ্ছে, যাতে আমাদের রপ্তানির জন্য আরও ভালো বাজার সুবিধা নিশ্চিত করা যায়।’