শিরোনাম

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে শুরু হয়েছে 'বাংলাদেশ সেমিকন্ডাক্টর রোডশো ২০২৬'। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি বংশোদ্ভূত সেমিকন্ডাক্টর পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশের উদীয়মান ডিপ-টেকনোলজি ও সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৫ জুন 'সিলিকন রিভার অ্যান্ড ব্রেইনগেইন ইউএসএ রোডশো ২০২৬' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
আয়োজকরা এটিকে বাংলাদেশকে বৈশ্বিকভাবে সংযুক্ত সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি হাব হিসেবে প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বিএসআইএ সভাপতি এম এ জাব্বারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এসময় এএমডি, এনএক্সপি এবং টোকিও ইলেকট্রন (টিইএল)-সহ শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানির উচ্চ পর্যায়ের নির্বাহীদের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর কৌশল, দক্ষ মানবসম্পদ উন্নয়ন উদ্যোগ, উদ্ভাবনী পরিবেশ এবং কারিগরি ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিলিকন রিভার বাংলাদেশ ইনিশিয়েটিভের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি দেশের দক্ষ জনশক্তি উন্নয়ন, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেমিকন্ডাক্টর সমাধান, ডিজিটাল টুইন প্রযুক্তি, অ্যাডভান্সড প্যাকেজিং এবং শিল্প ও শিক্ষাখাতের মধ্যে সম্বন্বয়ে সক্ষমতার ওপর বিশেষভাবে জোর দেন।
ডায়নামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই), আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেডসহ বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের কারিগরি সক্ষমতা ও ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপন করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রযুক্তিমুখী দৃষ্টিভঙ্গির প্রশংসা এবং উদীয়মান সেমিকন্ডাক্টর খাতে আরও সম্পৃক্ততা, কারিগরি সহযোগিতা, শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন ও ব্যাপক অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
গত ৬ জুন অস্টিনে 'ব্রেইনগেইন রিসেপশন' অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ৭৫ জন সেমিকন্ডাক্টর পেশাজীবী একত্রিত হন যারা প্রতিনিধিত্ব করেন দেড় হাজার বছরেরও বেশি সম্মিলিত শিল্প অভিজ্ঞতা ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সিলিকন রিভার ভিশন এবং গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, কর্মশক্তি গঠন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।
এনএক্সপির ড. সাঈদ বদরুদ্দুজা, এএমডির সামিউল খান এবং টোকিও ইলেকট্রনের জোয়েল বার্নেটসহ বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত সেমিকন্ডাক্টর পেশাজীবী অস্টিন কর্মসূচিকে সহযোগিতা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে 'সিলিকন রিভার অ্যান্ড ব্রেইনগেইন ইউএসএ রোডশো' যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে চলবে।