বাসস
  ২১ জুলাই ২০২৬, ২২:০২

ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্ব নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসির সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা বাংলাদেশ ও আঙ্কারার মধ্যে ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্ব পর্যালোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ‘বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ধারাবাহিকভাবে বিকশিত অংশীদারিত্ব নিয়ে উভয় পক্ষ আন্তরিকভাবে মতবিনিময় করেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানীতে অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠক ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারে অব্যাহত সম্পৃক্ততার বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

এআরএফ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে নিউইয়র্ক থেকে ম্যানিলায় পৌঁছান।