বাসস
  ২৭ মে ২০২৬, ০৯:৪৯

লালমনিরহাটে অসহায় তিন সহোদরকে ঘর দিলেন ত্রাণমন্ত্রী 

জেলায় বাবা-মা হারা তিন ভাই-বোনকে ঘর দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।ছবি: বাসস

লালমনিরহাট, ২৭ মে, ২০২৬ (বাসস) : লালমনিরহাট শহরের রেললাইনের পাশের জরাজীর্ণ টিনের ঘরে মানবেতর জীবন কাটানো বাবা-মা হারা তিন ভাই-বোন শাকিল, শাহনাজ ও ছোট্ট শিউলির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

গতকাল মঙ্গলবার বিকেলে শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে তাদের জন্য নতুন ও নিরাপদ একটি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করা পরিবারটির দায়িত্ব নেয়ায় স্থানীয়দের মাঝেও স্বস্তি দেখা গেছে।

জানা গেছে, প্রায় ৭ বছর আগে তাদের বাবা নিখোঁজ হন। এরপর তিন বছর আগে মা অন্যত্র চলে গেলে অল্প বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে পড়ে ছোট দুই ভাই-বোনকে নিয়ে সংসার চালানোর দায়িত্ব।

ঘর হস্তান্তর শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ডিসি পার্ক আবাসনকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি আবাসনে বসবাসরত প্রায় তিনশ’ পরিবাররের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আবাসনের স্কুল পড়ুয়া ছাত্রীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেয়ার ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেয়ার কথাও জানান তিনি।
পরে অসহায় ওই পরিবারের হাতে ৩০ কেজি চাল তুলে দেন এবং নতুন ঘরের সামনে একটি ফলজ গাছ রোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।