বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ২২:৪৭

শিল্পমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ. শিল্পখাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে শিল্পমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতের মতো আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটি-ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সঙ্গে জাপানি প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়োটার সমঝোতা স্মারকের আলোকে দেশে মোটরগাড়ি নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলমান রয়েছে।

বৈঠকে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, যুগ্ম সচিব সাহেলা আক্তার এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রথম সচিব কারাসাওয়া শিনজু ও সুকাও দাইসুকে উপস্থিত ছিলেন।