শিরোনাম

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লবী পরিবর্তন, মানুষ চায় গণতান্ত্রিক সমাজ। আমরা চেয়েছিলাম এই দেশ হবে জনতার দেশ। সমস্ত আধিপত্যবাদ থেকে জাতি মুক্ত হবে।
তিনি বলেন, বিগত ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসের একটি অনিবার্য ঘটনা ঘটেছে।
শিল্পকলা একাডেমির নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে ‘ভয় দেখাতে পারেনি জীবন’ শিরোনামের এ অনুষ্ঠান।
জুলাই গণঅভ্যুত্থানের ওই সময়কালের নানান ঘটনার স্মৃতিচারণা করে সংস্কৃতি মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা থাকবে।
মন্ত্রী আরও বলেন, ‘কেবল ভোটের অধিকার এবং ন্যায় বিচার চাইতে গিয়ে আমাদের বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। পরিকল্পিত বিচারালয়ে যাকে খুশি তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য শরিক দলগুলোও হত্যা, গুম ও খুনের শিকার হয়েছে। ১৮ বছরের চূড়ান্ত পরিণতিতে এই জুলাই মাসে কোমলমতি ছাত্ররা জীবন দানের চূড়ান্ত সংকল্প করে জয় লাভ করেছে।’
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রদের ধরে নিয়ে গিয়ে হত্যা বাংলাদেশের ইতিহাস এক বিরল ঘটনা। ফ্যাসিস্টরা যখনই ক্ষমতায় গেছে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করেছে।’
তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে কখনোই প্রতিরোধ করা যায়নি, যাবে না। বারবার আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমরা রুখে দাঁড়াবো। গণতন্ত্র চাই, আমরা মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ চাই, আমরা মুক্ত সংস্কৃতির সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের প্রত্যয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাইযোদ্ধা পরিবারের অংশগ্রহণে এই স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।