শিরোনাম

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে
ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচিসমূহ চূড়ান্ত করা হয়।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিবর্গের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের অনুষ্ঠান সম্প্রচার এবং বিশেষ অনুষ্ঠানমালা প্রচার, জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখি র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন, শিশু একাডেমির মাধ্যমে শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম, বিসিক ও সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে বৈশাখি মেলা আয়োজন, কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান।
সভায় জানানো হয়, সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।