শিরোনাম

মাগুরা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার দুপুরে নিজ জেলা মাগুরায় পৌঁছান। এসময় তার সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সকাল থেকেই মাগুরা ওয়াপদা এলাকা থেকে গড়াই সেতু পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ভিড় দেখা যায়। এ সময় তারা সংস্কৃতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে তিনি মাগুরা সার্কিট হাউজে প্রবেশ করলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দুপুর ১টায় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি মন্ত্রী বলেন, জেলার প্রতিটি উপজেলায় দু’টি করে খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান এবং উৎপাদনমুখী শিল্প বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক ব্যবসা ও পাচার সম্পূর্ণরুপে নির্মূল করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী গণআন্দোলনের চেতনা ধারণ করে নতুন নিয়মে সমাজ পরিচালনার প্রত্যয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য।
সংস্কৃতি খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হবে। কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, সাংস্কৃতিক মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে জাতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, শান্তি ও সমৃদ্ধির পথ ধরে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।