বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৯:৩৩
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৯:৩৮

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছে বিএমইউর ৭ চিকিৎসক

ছবি: বাসস

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : সর্বাধুনিক প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, কারিগরি বিভিন্ন বিষয়সহ উন্নততর চিকিৎসাসেবা সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে চীন যাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাত সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি এবং বাংলাদেশের জন্য চীনের নেওয়া ‘২০২৬ ট্রেনিং অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম ফর মেডিকেল প্রফেশনালস ফ্রম বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দলটি এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান করবে। এ সময়ে তারা কার্ডিওলজি (হৃদরোগ), ক্লিনিক্যাল অনকোলজি (ক্যানসার), শিশু, জেনারেল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি ও ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। 
এ উপলক্ষে প্রতিনিধি দলটি আজ সোমবার বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বিএমইউসহ দেশের রোগীদের চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি দলে রয়েছেন- কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সিদ্দিক আব্দুল্লাহ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার, কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলাউদ্দিন এবং ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহবুবুল ইসলাম খন্দকার।