শিরোনাম

ঝিনাইদহ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম বাইসাইকেলযোগে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. হামিদুর রহমান বাসসকে বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌছানোর আগেই মারা যান। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাসসকে বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।