শিরোনাম

সুনামগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জেও শুরু হয়েছে তিন মাসব্যাপী এ কার্যক্রম।
আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজ সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সহকারী কমিশনার মো. ফজলুল করিম টিপু, সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাড.কেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলার স্কাউটের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্কাউট দলের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোনো স্থানে পানি জমতে না দেয়ার আহ্বান জানানো হয়।