বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

কিশোরগঞ্জে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে চাচা-ভাতিজার।

আজ শনিবার ভোর ৪টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ভোরের অন্ধকারে জাল নিয়ে গ্রাম সংলগ্ন হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। কিছুক্ষণ পর হালকা বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রাঘাতে হাওরের পানিতে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, সকাল গড়িয়ে গেলেও দুজন বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা হাওরে তাদের খুঁজতে বের হন। এর একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে পড়ে থাকা অবস্থায় দুজনের মরদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।

নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বাসসকে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ নিহতদের বাড়িতে রয়েছে।