শিরোনাম

, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে বাজারে মো. কামাল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীদের টিন শেড কাপড়ের দোকানগুলোতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ১৩ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটারের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণরুপে নির্বাপণ করে।
তিনি আরো জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পায় এবং সেখান থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।