শিরোনাম

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকার ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর ২ নম্বর গেইটের নাসিরাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্তোরাঁটিতে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপকরণের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকা পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা টাইলস এবং একই ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।
এ ছাড়া পোড়া তেল সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা রাখা, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পাঁচলাইশ থানা পুলিশ টিম সার্বিক সহযোগীতা করেন।